আসন্ন সংসদ নির্বাচন
১০ জোটের সমন্বয় বার্তা ফরিদপুর-১ আসনে ১০ জোটের নির্বাচনী ঐক্য নিয়ে সংবাদ সম্মেলন
বোয়ালমারিতে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনী কৌশল ও পারস্পরিক সমন্বয়ের বিষয় তুলে ধরেন জোট নেতারা
ফরিদপুর-১ আসনে আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ জোটের নির্বাচনী ঐক্য নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জোটভুক্ত দলগুলোর নেতারা সংবাদ সম্মেলনে নির্বাচনী কৌশল ও পারস্পরিক সমন্বয়ের বিষয় তুলে ধরেন।
সংবাদ সম্মেলনটি জামায়াতে ইসলামীর বোয়ালমারি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে ১০ জোটের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জোটের মনোনীত প্রার্থী প্রফেসর ড. ইলিয়াস মোল্লা ইনসাফ ও ন্যায্যতার ভিত্তিতে সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, মহান রব যেভাবে পৃথিবীকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন, যেখানে কোনো হানাহানি নেই, ঠিক তেমনি আল্লাহর বিধান অনুযায়ী যদি শাসনব্যবস্থা গড়ে তোলা যায়, তাহলে সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে না। প্রত্যেক নাগরিক তার ন্যায্য অধিকার পাবে।
তিনি আরও বলেন, এমন একটি সমাজ গঠনের স্বপ্ন তারা দেখেন যেখানে ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করবে। সেখানে কোনো বৈষম্য থাকবে না, কেউ জুলুমের শিকার হবে না এবং সবাই সমান অধিকার ভোগ করবে। অন্যায় ও অসত্যের কোনো স্থান থাকবে না।
প্রফেসর ড. ইলিয়াস মোল্লা বলেন, আমরা সবাই একই মাটি থেকে সৃষ্টি, সবার রক্তের রঙ লাল। তাহলে কেন আমরা নিজেরাই সমাজে বিশৃঙ্খলা তৈরি করব।
মন্তব্যসমূহ (০)
মন্তব্য করতে দয়া করে লগইন করুন।